ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে জারি করা বিধিনিষেধ শিথিল করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। একান্ত প্রয়োজন ছাড়া সব ব্যারিকেড সরিয়ে জনসাধারণের চলাচল স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ইন্টারনেট পরিষেবা চালু রাখা এবং রেল ও মেট্রো চলাচল স্বাভাবিক রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন বন্ধ রাখা ও ট্রেন চলাচল বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনের শুনানিতে এসব নির্দেশ দেওয়া হয়। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠি এ আবেদন করেন।
শুনানিতে আদালত বলেন, জনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজন অনুযায়ী বিধিনিষেধ আরোপ করা যেতে পারে। তবে এসব পদক্ষেপের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল যেন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।
এর আগে গত ৯ অক্টোবর অন্য একটি মামলার শুনানিতে দিল্লির ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ রাখা এবং ট্রেন চলাচল বাতিলের বিষয়ে নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। ওই নির্দেশের পরিপ্রেক্ষিতে নতুন করে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়।
প্রতিবাদের অধিকার আছে, তবে মানতে হবে আইন
বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানিতে বলেন, নাগরিকদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আইন মেনে চলতে হবে।
আরও পড়ুন: সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি
আদালত পর্যবেক্ষণে বলেন, ‘আপনাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রতিবাদের পদ্ধতি অবশ্যই আইনের মধ্যে থাকতে হবে।’
আবেদনকারীকে উদ্দেশ করে বিচারপতি বাগচি বলেন, প্রতিবাদ করার অধিকারকে পুলিশ আইনের ঊর্ধ্বে বলে দাবি করা যায় না।
এদিকে বিক্ষোভের সময় আটক ব্যক্তিদের পরিস্থিতি ও আটকের প্রক্রিয়া খতিয়ে দেখতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং দিল্লি মেট্রো রেল করপোরেশনকে (ডিএমআরসি) নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
আগামী মঙ্গলবারের মধ্যে আদালতের নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
সূত্র: এনডিটিভি।
