×

আন্তর্জাতিক

৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়তে বলল মাইক্রোসফট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম

৬০ হাজার কর্মীকে চাকরি ছাড়তে বলল মাইক্রোসফট

ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ক্রমবর্ধমান বিনিয়োগের ব্যয় নিয়ন্ত্রণে কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার বিনিময়ে আর্থিক সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে। কোম্পানিটির মোট কর্মীর প্রায় ২৭ শতাংশ এ কর্মসূচির আওতায় আসতে পারেন।

সোমবার (গতকাল) মাইক্রোসফটের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

প্রস্তাবটি যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত ও যুক্তরাজ্যে মাইক্রোসফটের নির্দিষ্ট কিছু বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদমর্যাদা ও তার নিচের পর্যায়ের কর্মীদের জন্য প্রযোজ্য হবে। তবে ডেটা সেন্টার, বিক্রয় ও বিপণন বিভাগের কিছু কর্মীসহ কয়েকটি নির্দিষ্ট দলের সদস্যরা এ সুবিধা পাবেন না।

কর্মীদের উদ্দেশে পাঠানো এক স্মারকে মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা অ্যামি কোলম্যান বলেন, স্বেচ্ছায় চাকরি ছাড়ার এই কর্মসূচি কর্মীদের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে। পাশাপাশি, নিজেদের ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের আরও স্বাধীনতা ও নমনীয়তা দেবে।

চলতি বছর কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দিয়ে এটি মাইক্রোসফটের দ্বিতীয় উদ্যোগ। এর আগে গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির প্রায় ৭ শতাংশ কর্মীকে আগাম অবসরের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। সিএনবিসির তথ্য অনুযায়ী, ওই কর্মসূচিতে যোগ দেওয়ার যোগ্য কর্মীদের প্রায় ৩০ শতাংশ স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া নথি অনুসারে, গত জুনের শেষে বিশ্বজুড়ে মাইক্রোসফটের কর্মীসংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার। ২০২৫ সালের শেষ দিকে এ সংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার।

এআই প্রযুক্তি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে ব্যয়ের চাপ শুধু মাইক্রোসফটের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্বের চার শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান; অ্যামাজন, মাইক্রোসফট, অ্যালফাবেট ও মেটা; চলতি বছর এআই ডেটা সেন্টার, চিপ এবং কম্পিউটিং অবকাঠামো তৈরিতে সম্মিলিতভাবে প্রায় ৭০০ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে।

মাইক্রোসফটের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট ব্যয় ছিল ৪১ বিলিয়ন ডলার। জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে তা বেড়ে ৫০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।

তবে ২০২৬ সালের পুরো বছরের জন্য মূলধনী ব্যয়ের লক্ষ্যমাত্রা কমিয়েছে প্রতিষ্ঠানটি। আগে এ খাতে ১৯০ বিলিয়ন ডলার ব্যয়ের অনুমান করা হলেও এখন তা কমিয়ে ১৭৫ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।

মাইক্রোসফটের প্রধান অর্থ কর্মকর্তা অ্যামি হুড বিশ্লেষকদের সঙ্গে আলোচনায় জানান, প্রতিষ্ঠানটির মোট ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশ যাচ্ছে স্বল্পমেয়াদি সম্পদ সংগ্রহে। এর মধ্যে কম্পিউটার চিপ কেনার ব্যয় উল্লেখযোগ্য। তিনি বলেন, এআই ও প্রচলিত কম্পিউটিং; উভয় ধরনের অবকাঠামোর জন্য গ্রাহকদের চাহিদা থাকায় এ খাতে ব্যয় বাড়ছে।

প্রযুক্তি খাতে বাড়ছে কর্মী ছাঁটাইয়ের প্রবণতা

এআই খাতে বিনিয়োগ বাড়ার পাশাপাশি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কাও জোরালো হচ্ছে। এআইয়ের প্রভাবে ভবিষ্যতে বিপুলসংখ্যক মানুষ চাকরি হারাতে পারেন বলে সতর্ক করেছেন অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই। প্রযুক্তি খাতের আরও কয়েকজন বিশেষজ্ঞও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সাম্প্রতিক সময়ে একাধিক বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, নেটফ্লিক্স তাদের মোট কর্মীর প্রায় ৬ শতাংশ, অর্থাৎ প্রায় এক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

অনলাইন বাণিজ্য প্ল্যাটফর্ম ইবে চলতি মাসের শুরুতে এক হাজার কর্মী ছাঁটাই করেছে। এর আগে চলতি বছর আরেক দফা ছাঁটাইয়ে প্রতিষ্ঠানটির প্রায় ৮০০ কর্মী চাকরি হারান।

গত মে মাসে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা বৈশ্বিক কর্মীসংখ্যার প্রায় ১০ শতাংশ কমিয়েছে। এতে প্রায় আট হাজার কর্মী চাকরি হারান। এপ্রিলে প্রতিষ্ঠানটি আরও জানায়, নতুন করে ছয় হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা বাতিল করা হয়েছে। পাশাপাশি, প্রায় সাত হাজার কর্মীকে এআইনির্ভর বিভিন্ন দায়িত্বে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

যাত্রী পরিবহনসেবা প্রতিষ্ঠান উবার গত সেপ্টেম্বরে প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। এতে আনুমানিক তিন হাজার বা তারও বেশি কর্মী চাকরি হারাতে পারেন। অন্যদিকে, ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন চলতি বছরের জানুয়ারিতে বিশ্বজুড়ে ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল।

এর আগে গত জুলাইয়ে মাইক্রোসফটও প্রায় পাঁচ হাজার কর্মী ছাঁটাই করে। ওই দফায় চাকরি হারানো কর্মীদের বড় অংশ ছিলেন প্রতিষ্ঠানটির এক্সবক্স গেমিং বিভাগের। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এসব উদ্যোগের মধ্য দিয়ে একদিকে এআই অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগের চিত্র ফুটে উঠছে, অন্যদিকে ব্যয় নিয়ন্ত্রণ ও কর্মী ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রবণতাও স্পষ্ট হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন সচিবদের, কারণ কী?

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর চেয়েও বেশি বেতন সচিবদের, কারণ কী?

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বাদ যায়নি সচিবালয়ও

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকেই

নতুন বেতন কাঠামোয় বাড়তি বেতন রোববার, পাবেন না অনেকেই

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

এনবিআরের নামে ৮ জনের নিয়োগপত্র ভুয়া

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App