১৩ সিটিতে মেয়র প্রার্থী চূড়ান্ত জামায়াতের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম
ছবি : সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের ১৩টি সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার পর পর্যায়ক্রমে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। জাতীয় নির্বাচনের মতো জোটের সমীকরণে না গিয়ে এবার সিটি নির্বাচনে নিজস্ব সাংগঠনিক শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে দলটি।
দলীয় সূত্র অনুযায়ী, আপাতত ঢাকাসহ কোনো সিটি করপোরেশন শরিক দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। তবে নির্বাচনের শেষ পর্যায়ে স্থানীয় পর্যায়ে সমঝোতার সুযোগ রাখা হয়েছে।
জামায়াতের প্রার্থী তালিকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে মহানগর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম রয়েছেন। ঢাকার দুই সিটিতে তাদের প্রার্থিতার বিষয়টি দলীয়ভাবে প্রকাশও করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুরে সাবেক শিবির নেতা ও শিক্ষাবিদ ড. হাফিজুর রহমান এবং বরিশালে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলালকে প্রার্থী হিসেবে রাখা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
রংপুরে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, খুলনায় কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জে মহানগর শাখার আমির মোহাম্মদ আবদুল জব্বার, রাজশাহীতে মহানগরের নায়েবে আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সিলেটে মহানগরের নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল এবং ময়মনসিংহে মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনে মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মজিবুর রহমান এবং নবগঠিত বগুড়া সিটি করপোরেশনে সরকারি আজিজুল হক কলেজের সাবেক জিএস আ খ ম আব্দুল মালেককে মেয়রপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। রাজশাহী সিটিতে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নাম আগেই প্রকাশ্যে আসে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছে দলটি। ইউনিয়ন, উপজেলা, জেলা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন পর্যায়ে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনেক এলাকায় অভ্যন্তরীণভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এবং সময়মতো আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে।
ঢাকা দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী করার ক্ষেত্রে তরুণদের প্রাধান্য দেওয়ার বিষয়টি সামনে এসেছে। ২০২৪ সালের আন্দোলনে সমন্বয়কের ভূমিকা পালন করা সাদিক কায়েম ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হন। পরে সিটি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ছাত্রশিবিরের দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
অন্যদিকে ঢাকা উত্তরের প্রার্থী সেলিম উদ্দিন বর্জ্য ব্যবস্থাপনা ও খাল পরিষ্কারসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নগরকেন্দ্রিক কার্যক্রমে যুক্ত রয়েছেন। দলীয় নেতারা জানিয়েছেন, প্রার্থীরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘরোয়া বৈঠক ও নাগরিকদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।
গাজীপুরের প্রার্থী ড. হাফিজুর রহমানও নগরীর যানজট, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার মতো সমস্যাকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচিত হলে নাগরিক সেবা জোরদার এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, নতুন ঘোষিত বগুড়া সিটি করপোরেশনসহ মোট ১৩টি সিটিতেই একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রস্তুতি ও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। তফসিল ঘোষণার পর প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
