জামায়াত আমির
এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ঘটনাটিকে ‘ক্ষমতার গরমের আঁচ’ হিসেবে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
ডা. শফিকুর রহমানের দাবি, মধ্যরাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নিরাপত্তাকর্মীদের বেঁধে রাখা হয় বলেও তিনি উল্লেখ করেন।
জামায়াত আমিরের ভাষ্য, লুটপাটের পর স্বাস্থ্যসেবা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরে সেখানে একটি ‘রহস্যজনক’ সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।
ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলে তিনি জানতে চান, এমন ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ঘটনার পেছনে কারা রয়েছে, তা এখন আর অস্পষ্ট নয়। তাঁর দাবি, জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ নষ্ট করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা বলছে, অন্যদিকে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুরের মতো ঘটনা ঘটছে। এ ধরনের পরিস্থিতি আর কত দিন চলবে সে প্রশ্নও তোলেন তিনি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত আমির। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
