×

খুলনা

বেনাপোল বন্দরে বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৭:৫০ পিএম

বেনাপোল বন্দরে বৃষ্টির পানিতে ভাসছে কোটি কোটি টাকার পণ্য

ছবি : সংগৃহীত

কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্দরের একাধিক শেডে পানি ঢুকে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে চরম উদ্বেগে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল থেকে শুরু হওয়া টানা বর্ষণে বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেডে পানি জমে যায়। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় পণ্য ওঠানামা এবং পরিবহন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে পাওয়ার পাম্পের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, অপর্যাপ্ত ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই বন্দরের শেড ও ইয়ার্ড পানিতে তলিয়ে যায়। এতে প্রতি বছর বিপুল পরিমাণ আমদানিকৃত পণ্য ক্ষতির মুখে পড়ে। দীর্ঘদিন ধরে এ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

ব্যবসায়ীদের দাবি, জলাবদ্ধতার কারণে অনেক আমদানিকারক বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অধিকাংশ পণ্যের বীমা না থাকায় ক্ষতিপূরণও পাওয়া যায় না। পানি নিষ্কাশনের জন্য অতীতে কমিটি গঠন করা হলেও তার কার্যকর কোনো ফল পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছেন তারা।

বেনাপোল বন্দরের ব্যবসায়ী আব্দুল অলিম বলেন, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বন্দরে চলাচল ও পণ্য খালাসে চরম ভোগান্তি হচ্ছে। বিভিন্ন পণ্যাগারে পানি ঢুকে লাখ লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। প্রতিবছর বন্দরের ভাড়া বাড়লেও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক আনু বলেন, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণেই প্রতি বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে। তার দাবি, সরকার এই বন্দর থেকে বছরে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ব্যবসায়ীরা বারবার আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, টানা বৃষ্টির কারণে কয়েকটি শেডে পানি ঢুকে মালামাল ভিজে গেছে। পাওয়ার পাম্পের মাধ্যমে পানি অপসারণের কাজ চলছে। তবে অব্যাহত বৃষ্টির কারণে পরিস্থিতি সামাল দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। বৃষ্টি কমে গেলে জলাবদ্ধতা দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে বন্দরের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের উদ্যোগ চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App