খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত
খুলনা ব্যুরো
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম
প্রতীকী ছবি
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে দৌলতপুর যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জলিল মুন্সি পাট গোডাউনের শ্রমিক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ৮টার দিকে জলিল মুন্সি এক যুবককে সঙ্গে নিয়ে বাসা থেকে রওনা হন। এর কিছুক্ষণ পর তার ফোনটি বেজে ওঠে। ফোনে তর্কাতর্কি হয়। তিনি কুলিরবাগান বটতলা থেকে দুই গজ দূরে পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্তের সঙ্গে জলিলের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। তার বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে গুলি দুটি বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা গুলি উদ্ধার করে। স্থানীয়রা জলিলকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ মিছিল করেছে: রাশেদ খান
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, খবর জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
