ভেজাল সার বিক্রি, ধরা খেয়ে লাখ টাকা জরিমানা
কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার ত্রিমোহনী বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকান থেকে ২৫ বস্তা ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয়।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ত্রিমোহনী বাজারের রোহান ট্রেডার্সে ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। পরে দোকানে থাকা সার পরীক্ষা করে ভেজাল ও মানহীনতার বিষয়টি প্রমাণিত হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবি, অতঃপর
কুষ্টিয়া সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম বলেন, ভেজাল সার ব্যবহারে কৃষকের ফসলের ক্ষতির পাশাপাশি মাটির উর্বরতাও কমে যেতে পারে। কৃষকদের স্বার্থে নকল ও ভেজাল সার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
