গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পিএম
প্রতীকী ছবি
যশোরের চৌগাছা উপজেলায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের বাঘারদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মিজানুর রহমান (৪০)। তিনি কুষ্টিয়ার বাটকেমারি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘারদাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে ইদ্রিস আলীর বাড়িতে তিনজনের একটি চোরচক্র প্রবেশ করে। তারা গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করলে বিষয়টি টের পান বাড়ির মালিক ইদ্রিস আলী।
এ সময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে চোরদের ধাওয়া করেন। একপর্যায়ে দুজন পালিয়ে গেলেও মিজানুর রহমানকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন।
গরুর মালিক ইদ্রিস আলী বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে বের হয়ে তিনি গোয়ালঘরে তিনজনকে তালা ভাঙতে দেখেন। ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ধাওয়া করে একজনকে ধরে ফেলেন। বাকি দুজন পালিয়ে যান। তার দাবি, এক বছর আগেও তার গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি হয়েছিল।
খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রেজা উদ্দিন জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত আঘাতের কারণে শরীরের ভেতরে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
