‘দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম
ফাইল ছবি
সাজার বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে দণ্ডিত ও পলাতক হওয়ায় শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।
আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তির ন্যূনতম দুই বছরের সাজা হলে তাঁকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ফলে দণ্ডিত ও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত সুযোগ নেই।
তিনি বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা চলাকালে তিনি বিচার মোকাবিলা করতে আসেননি উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, রায় প্রকাশের পরও তিনি আপিল করেননি। নির্ধারিত ৩০ দিনের সময়সীমা পার হয়ে যাওয়ায় ভবিষ্যতে তাঁর আর আপিল করার আইনগত সুযোগ নেই।
চিফ প্রসিকিউটর জানান, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে চিঠি দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী যথার্থই বিষয়টিকে হাস্যকর বলেছেন। কারণ, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাঁর দল বা নেতাকর্মীরাও আবেদন করেননি। আবেদন করেছে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠান।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন—এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো দলিলপত্র তাঁরা পাননি। ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাঁকে আশ্রয় দেওয়া হয়েছে।
শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাঁকেই ভারত সরকারকে লিখিতভাবে জানাতে হবে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তিনি ভারত সরকারের কাছে এ বিষয়ে কোনো লিখিত আবেদন করেছেন বলে তাঁদের জানা নেই।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কখনোই সত্যিকার অর্থে বাংলাদেশে ফেরার সদিচ্ছা ছিল না, এখনো নেই। সদিচ্ছা থাকলে মামলা চলাকালে দেশে ফিরে তিনি বিচার মোকাবিলা করতেন। রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে দেশে এসে আপিল করতেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, সত্যিকার অর্থে দেশে ফিরতে চাইলে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানো উচিত। এটিই তাঁর জন্য সঠিক পন্থা।
শেখ হাসিনার সমালোচনা করে আমিনুল ইসলাম আরও বলেন, তিনি আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশ ছেড়ে গেলেও নিরীহ নেতাকর্মীদের বাংলাদেশে রেখে গেছেন। তাঁদের বিষয়ে চিন্তা করেননি। এখন এ ধরনের তৎপরতার মাধ্যমে তাঁদের আরও বিপদে ফেললে সেটি দলগতভাবেও আরেকটি ভুল হবে।
এদিকে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, ভার্চুয়াল মাধ্যমে তাঁর নিজের কোনো বক্তব্য এখন পর্যন্ত তাঁরা পাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব অডিও বক্তব্য সামনে আসছে, সেগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
