বিএনপির দুই নেতাকে হত্যা
নড়াইলে সাবেক এমপিরসহ ১০ বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
সংগৃহীত ছবি
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় উত্তেজনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এসব ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ আশপাশের ৮ থেকে ১০টি বাড়িতে হামলা চালানো হয়। এ সময় বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বের করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। শোডাউনটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের পর থেকেই নড়াইলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।
