সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান গ্রেপ্তার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:২২ পিএম
ছবি : সংগৃহীত
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক মো. ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার প্রাথমিক তদন্তে ইমরান হোসেনের সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে আসামিপক্ষ গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করলেও শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মোহাম্মদপুর থানার বছিলা বেড়িবাঁধ, বছিলা ব্রিজ, বছিলা চেকপোস্ট ও আশপাশের এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এতে বহু মানুষ আহত হন এবং হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় মো. ছালেমান নামে একজন গুলিবিদ্ধ হন।
এ ঘটনায় ভুক্তভোগী মো. ছালেমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৫ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
এর আগে, ২০২৫ সালের ৩ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইমরান হোসেনকে গ্রেপ্তার করে। পরদিন ১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের করা একটি মানি লন্ডারিং মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
