ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা করের রায় স্থগিত হয়নি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
ছবি : সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে হাইকোর্টের দেওয়া সেই রায় আপাতত স্থগিত করেননি চেম্বার আদালত।
সোমবার (১৪ সেপ্টেম্বর) হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
এর আগে একই দিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে গ্রামীণ কল্যাণ। ড. ইউনূসের আইনজীবী খাজা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাইকোর্টের রায় স্থগিতের জন্য গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গ্রামীণ কল্যাণকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন।
রায়ে বলা হয়, আগামী তিন অর্থবছরের মধ্যে গ্রামীণ কল্যাণকে এই অর্থ পরিশোধ করতে হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির করা দুটি রিট আবেদন খারিজ করে দেন আদালত। ফলে আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায়ের সুযোগ পায় এনবিআর।
মামলার নথি অনুযায়ী, পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত পাঁচটি করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। ওই দাবির বিরুদ্ধে ২০১৭ সালে পৃথক দুটি রিট করে প্রতিষ্ঠানটি। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।
এর আগে গত ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। পরে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয় এবং নতুন বেঞ্চে মামলাটি শুনানির জন্য পাঠানো হয়।
নতুন বেঞ্চে শুনানি শেষে গত বৃহস্পতিবার রুল খারিজ করে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে সোমবার চেম্বার আদালতে আবেদন করে গ্রামীণ কল্যাণ।
