×

মধ্যপ্রাচ্য

হরমুজ থেকে ইরানের টোল আদায় মানবে না যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:২৬ এএম

হরমুজ থেকে ইরানের টোল আদায় মানবে না যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল বা কর আদায়ের উদ্যোগের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আন্তর্জাতিক জলপথ ব্যবহারের জন্য কোনো দেশকে অন্য দেশের কাছে টোল দিতে বাধ্য করা যায় না এবং যুক্তরাষ্ট্র এমন কোনো পদক্ষেপ মেনে নেবে না।

মঙ্গলবার (২৩ জুন) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন রুবিও। উপসাগরীয় অঞ্চলে সরকারি সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালি একটি আন্তর্জাতিক জলপথ। আন্তর্জাতিক আইন অনুযায়ী, এ ধরনের পথ ব্যবহার করতে গিয়ে কোনো দেশকে অন্য দেশের কাছে কর বা টোল পরিশোধ করতে হয় না। তার মতে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশও এ বিষয়ে একই অবস্থান পোষণ করবে। খবর এএফপির।

রুবিওর এই মন্তব্যের আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, হরমুজ প্রণালি আর কখনও যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। তিনি দাবি করেন, ভবিষ্যতে এই জলপথ ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে ইরান সরকারকে নির্ধারিত টোল পরিশোধ করতে হবে।

আরো পড়ুন : হরমুজে হাজারো নাবিক আটকা, উদ্ধারে জাতিসংঘের অভিযান

ঘালিবাফের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া জানায় ওয়াশিংটন। এর আগেও হরমুজ প্রণালিতে টোল আরোপের বিষয়ে আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে। প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথ দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলের যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর আগে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের ওপর কোনো ধরনের টোল আরোপ করা হতো না। তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান সেখানে নিয়ন্ত্রণ জোরদার করে এবং বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ব্যবস্থা চালু করে। এ বিষয়ে গত মার্চে একটি আইনও পাস করে ইরানের পার্লামেন্ট।

সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। টোল আদায়ের জবাবে ইরানের বিভিন্ন সমুদ্রবন্দরের ওপর পাল্টা অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

পরবর্তীতে গত ১৮ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর পরিস্থিতির কিছুটা পরিবর্তন আসে। ওই চুক্তির পর যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলে নেয় এবং ইরানও হরমুজ প্রণালিতে জারি করা অবরোধ প্রত্যাহার করে। এর ফলে সাম্প্রতিক সময়ে জলপথটিতে জাহাজ চলাচলও বৃদ্ধি পেয়েছে।

তবে অবরোধ তুলে নেওয়ার পরও হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে ইরান এখনও টোল আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়টিই নতুন করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসির বিশ্বরেকর্ডে রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা

মেসির বিশ্বরেকর্ডে রোনালদোর উচ্ছ্বসিত প্রশংসা

শ্রীলঙ্কায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

শ্রীলঙ্কায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

নারী শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে তামান্নার খোলামেলা মন্তব্য

নারী শিল্পীদের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে তামান্নার খোলামেলা মন্তব্য

আশুরা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আশুরা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App