মহা বিপাকে সৌদি আরব, দারস্থ মিত্রদের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম
ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুথিদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুত কমে আসায় মিত্র দেশগুলোর কাছে বিমান প্রতিরক্ষা সহায়তা চেয়েছে সৌদি আরব। দুই আঞ্চলিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রতিবেদন অনুযায়ী, হুথি ও ইরান-সমর্থিত অন্যান্য গোষ্ঠীর ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরকে ওই অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুরোধ করেছে রিয়াদ।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, সৌদি আরবের প্রধান মিত্র ও অস্ত্র সরবরাহকারী যুক্তরাষ্ট্রের নিজস্ব ইন্টারসেপ্টর মজুতও কমে এসেছে। ইরানের সঙ্গে ছয় মাস ধরে চলা সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়ায় রিয়াদের অনুরোধ পূরণেও সীমাবদ্ধতা তৈরি হয়েছে বলে জানান তিনি। তবে সৌদি সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এর মধ্যেই বুধবার সৌদি আরব দাবি করে, হুথিরা পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে একটি ড্রোন পাঠানোর চেষ্টা করেছে। সৌদি সামরিক বাহিনী জানায়, ড্রোনটি প্রতিহত করা হয়েছে এবং মক্কাকে তারা ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করে। তবে হুথিরা মক্কাকে লক্ষ্য করার অভিযোগ অস্বীকার করেছে।
হুথিদের হামলার পাশাপাশি ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলোর হামলায় সৌদি আরবের জ্বালানি অবকাঠামোও ঝুঁকির মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। লোহিত সাগরে সৌদি জাহাজ ও অবকাঠামোকে ঘিরেও নিরাপত্তা উদ্বেগ রয়েছে। একই সময়ে হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে আঞ্চলিক জ্বালানি সরবরাহেও চাপ তৈরি হয়েছে।
এক আঞ্চলিক কর্মকর্তা বলেন, সৌদি আরবকে একই সঙ্গে সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং দেশজুড়ে থাকা তেল ও জ্বালানি অবকাঠামো সুরক্ষা দিতে হচ্ছে। ফলে বিমান প্রতিরক্ষা সক্ষমতার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র সৌদি বাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক পরিকল্পনায় সহযোগিতা অব্যাহত রেখেছে। তবে সরাসরি সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিকভাবে জড়িয়ে পড়ার বিষয়ে এখনো অনাগ্রহের ইঙ্গিত রয়েছে।
সৌদি আরবের মিত্র দেশগুলোর কাছে সহায়তা চাওয়ার খবর এমন সময়ে সামনে এলো, যখন হুথিদের সঙ্গে সংঘাতের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সামরিক উত্তেজনা ও জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
