হতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৯ পিএম
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মাঝে একদিনের বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমলেও আবার বাড়তে শুরু করবে। আবহাওয়াবিদ ওমর ফারুক সোমবার (২৬ ফেব্রুয়ারি) বলেন, আজকে থেকে তাপমাত্রা বাড়বে। ২ মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ৩ মার্চ সম্ভাবনা আছে, সেটা একদিন স্থায়ী হবে।
গত বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। শুক্রবারও ঢাকার আকাশ ছিল মেঘলা। তাতে রাতের দিনে থাকছে শীত শীত ভাব। তবে রবিবার রাজশাহী বিভাগের কয়েকটি এলাকা, ময়মনসিংহ আর টাঙ্গাইল ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। বগুড়ায় সবচেয়ে বেশি, ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে।
