×

জাতীয়

ছাগলকাণ্ড : মতিউর এখন কোথায়?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ০৩:০৮ পিএম

ছাগলকাণ্ড : মতিউর এখন কোথায়?

ছবি : সংগৃহীত

কোরবানি উপলক্ষে ১৫ লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হয়েছেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ড. মো. মতিউর রহমানের ছেলে। প্রশ্ন উঠে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে কীভাবে এতো টাকা দিয়ে ছাগল কিনতে পারেন। দেশজুড়ে যখন তাদের নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সেই সময় তারা কোথায় সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

ঈদের দিন বাড়িতে ছিল রঙিন আলোর ঝলকানি। বাড়ির নিচে বাঁশের খুঁটিতে বাঁধা ছিল বেশ কয়েকটি গরু-ছাগল। কোরবানি হয়েছে সব। কিন্তু এক ছাগলকাণ্ডে এখন সবই নিস্তব্ধ। বাসার মূল ফটক বন্ধ, খুলে রাখা হয়েছে নেমপ্লেটও।

সূত্র জানায়, ছাগলকাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে এনবিআর কর্মকর্তা মতিউর বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গা-ঢাকা দিয়েছেন। এদিকে মতিউর রহমানের দ্বিতীয়পক্ষের স্ত্রী শাম্মী আখতার শিভলী, ছেলে মুশফিকুর রহমান ইফাত ও ইরফান দেশত্যাগ করেছেন বলে দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে।

আরো পড়ুন : আলোচিত মতিউর সোনালী ব্যাংকেরও পরিচালক

রাজধানীর ধানমন্ডির ৮ নম্বর রোডে ৪১/২ নম্বর ইম্পেরিয়াল সুলতানা ভবনের পাঁচতলায় গতকাল শুক্রবার গিয়ে জানা যায়, ইফাতের পরিবার সেখানে নেই। বাড়ির নিরাপত্তাকর্মী জানান, মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফিরে আসেননি। যে বাড়িতে ইফাতের জন্ম, সেই বাড়ি ছেড়ে তিনি কোথায় গেছেন তা জানা নেই। বাড়ির সামনে সাংবাদিকরা অবস্থান করায় এক পর্যায়ে ওপর থেকে মলমূত্র ছুড়ে মারা হয়। এই ভবনের পাঁচ তলার পুরো ফ্লোর মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারের নামে কিনে দামি আসবাব দিয়ে সাজানো হয়েছে বলে জানা যায়।

ইফাতের ছাগলকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ধানমন্ডির বাসা ছেড়ে কাকরাইলে নিজেদের আরেকটি ফ্ল্যাটে গিয়ে ওঠেন ইফাত, তার মা শাম্মী আখতার ও ছোট ভাই।

শুক্রবার দুপুরে কাকরাইলে স্কাইভিউ মমতা সেন্টার নামে ওই ভবনে গিয়ে জানা যায়, ভবনের ৭/ডি নম্বর ফ্ল্যাটটি তাদের। ফ্ল্যাটের নিরাপত্তাকর্মী রবিউল ইসলাম জানান, বুধবার গভীর রাত পর্যন্ত তারা এ বাসায় ছিলেন। এই ফ্ল্যাটে ইফাত, তার মা ও ছোট ভাই মাঝেমধ্যে থাকেন। সেখানে আসেন মতিউর রহমান।

বসুন্ধরা আবাসিক এলাকায় ৭/এ নম্বর রোডের ৩৮৪ নম্বর বাড়িতে ৫ কাঠা আয়তনের প্লটে তৈরি করা সাততলা ভবনের এক ফ্লোরে বাস করেন মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। এই বাড়িতে মতিউর, তার স্ত্রী ও ছেলের ৫টি গাড়ি রাখা। কিন্তু গতকাল এই বাসায় মতিউর রহমানকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

টাইমলাইন: ছাগলকাণ্ডে বিপাকে মতিউর

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App