সংরক্ষিত নারী আসন: বিল খেলাপিদের তালিকা চায় নির্বাচন কমিশন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিল খেলাপিদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিল খেলাপিদের তালিকা পেতে ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান ইতোমধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ডিপিডিসি লিমিটেড (সাবেক ডেসা), ডেসকো, ঢাকা ওয়াসা, চট্টগ্রাম ওয়াসা, বিটিসিএল, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড এবং জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডকে চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল।
আরো পড়ুন : এবার বিসিবির কমিটিতে প্রতিমন্ত্রী ইশরাকের ভাই
জমা দেওয়া মনোনয়নপত্রগুলো ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ে বাছাই করা হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোনো ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচিত বা বহাল থাকতে পারবেন না যদি তিনি মনোনয়নপত্র জমার আগে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্যান্য সেবার বিল পরিশোধে ব্যর্থ হন।
এই বিধান কার্যকর রাখতে ২১ এপ্রিল বিকেল ৪টার পর মনোনয়নপত্র জমাদানকারীদের তালিকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানো হবে। এরপর সংস্থাগুলো তালিকা যাচাই করে ২২-২৩ এপ্রিলের মধ্যে মতামত ও প্রয়োজনীয় তথ্য প্রদান করবে। পাশাপাশি মনোনয়নপত্র বাছাইয়ের দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে একজন প্রতিনিধিও উপস্থিত থাকতে বলা হয়েছে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের শেষ সময় ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
