×

জাতীয়

ছুটি শেষ, কর্মব্যস্ত জীবনে ফিরছে নগরবাসী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৮:০৭ পিএম

ছুটি শেষ, কর্মব্যস্ত জীবনে ফিরছে নগরবাসী

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে লাখো মানুষ। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রায় কোনো উপচে পড়া ভিড় বা চিরচেনা ভোগান্তি নেই। একই সঙ্গে দেখা যাচ্ছে বিপরীত চিত্রও—ঈদে যারা বাড়ি যেতে পারেননি, তারা এখন ঢাকা ছাড়ছেন। ফলে টার্মিনালগুলোতে দুইমুখী যাত্রীর এক ব্যস্ততা তৈরি হয়েছে।

রোববার (৩১ মে) সকাল থেকেই দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষ ও যানবাহনের চাপ বাড়তে দেখা গেছে। বাস, মাইক্রোবাস, মাহিন্দ্র ও মোটরসাইকেলের চাপ ছিলো চোখে পড়ার মতো।

যাত্রীরা জানান, আসার পথে কোনো দীর্ঘ অপেক্ষা বা যানজটের মুখে পড়তে হয়নি। এবারের ঈদযাত্রা ছিল বেশ স্বস্তির। তবে কোনো কোনো বাসে কিছুটা বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা কাজ করছেন। বর্তমানে এই নৌপথে ১৫টি ফেরি এবং ২০টি লঞ্চ সার্বক্ষণিক চলাচল করছে।

টানা সাত দিনের ছুটি শেষে আগামীকাল সোমবার অফিস-আদালত খুলছে। তাই আজ গাবতলী ও টেকনিক্যাল মোড় এলাকায় দূরপাল্লার বাসের ভিড় লক্ষ্য করা গেছে।

পরিবহন চালকরা জানান, আজ বাসে যারা আসছেন তারা সবাই অগ্রিম টিকিটের যাত্রী। আগামী শনিবার পর্যন্ত বাসের টিকিট বুকড রয়েছে। বিকেল ও আগামীকালের পর যাত্রীর চাপ আরও বাড়তে পারে।

উত্তরবঙ্গ (বগুড়া, পাবনা) থেকে আসা যাত্রীরা জানান, রাস্তা ফাঁকা থাকায় নির্ধারিত সময়ের অনেক আগেই তারা ঢাকায় পৌঁছাতে পেরেছেন। লোকাল বা সর্ট-ডিস্টেন্সের কিছু পরিবহনে (যেমন: আরিচা-ঢাকা রুটের সেলফি পরিবহন) ২০ থেকে ৩০ টাকা বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন। চালকের সহকারীদের দাবি—ফাঁকা গাড়ি নিয়ে ওপারে যেতে হচ্ছে বলেই সামান্য বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়দাবাদ, মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশন ঘুরেও স্বাভাবিক চিত্র দেখা গেছে। দক্ষিণাঞ্চল থেকে লঞ্চে করে বহু মানুষ ঢাকায় ফিরছেন। অতিরিক্ত চাপ বা হুড়োহুড়ি না থাকায় নদীপথের যাত্রা ছিল আরামদায়ক।

পরিবহন সংশ্লিষ্টদের মতে, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা দীর্ঘ ছুটি থাকায় মানুষ একদিনে না ফিরে ধাপে ধাপে ফিরছেন। ফলে চাপ ভাগ হয়ে গেছে।

একদিকে যেমন কর্মজীবী মানুষ ছুটি শেষে ঢাকায় ফিরছেন, অন্যদিকে ঈদের দিন যারা ঢাকায় ডিউটি বা কোরবানির কারণে ব্যস্ত ছিলেন, তারা এখন মাংস ও পরিবার নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন।

এই দুইমুখী স্রোতের কারণে পরিবহন কাউন্টারগুলোতে কিছুটা ব্যস্ততা থাকলেও কোথাও কোনো বিশৃঙ্খলা বা বড় ধরনের পরিবহন সংকট দেখা যায়নি। সব মিলিয়ে এবারের ঈদ-পরবর্তী যাতায়াত বেশ স্বস্তিদায়ক ও আনন্দদায়ক হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছুটি শেষ, কর্মব্যস্ত জীবনে ফিরছে নগরবাসী

ছুটি শেষ, কর্মব্যস্ত জীবনে ফিরছে নগরবাসী

আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল

আবদুল আউয়াল মিন্টুকে ‘প্রিয় নবী’ বলে ভাইরাল

 ক্যান্সার আক্রান্ত মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ক্যান্সার আক্রান্ত মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

শরণখোলা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

শরণখোলা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App