আবারো শুরু হচ্ছে অধিবেশন, আলোচনা হতে পারে যেসব বিষয়ে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে সাত দিনের বিরতি কাটিয়ে মঙ্গলবার (৭ জুলাই) আবারও শুরু হচ্ছে অধিবেশন। বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য বৈঠকে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল, পাবলিক পরীক্ষায় অপরাধসংক্রান্ত আইনের সংশোধনী, চামড়া শিল্পের সংকট, ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্তসহ একাধিক গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনায় আসতে পারে।
সোমবার (৬ জুলাই) সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনের কার্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়-সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে।
এরপর কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কাঁচা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা, চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের পতন রোধ এবং আন্তর্জাতিক রপ্তানি বাজারে এ খাতের প্রতিযোগিতা সক্ষমতা পুনরুদ্ধারের বিষয়ে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
অন্যদিকে, ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম প্রকৃত ভূমিহীন ও দরিদ্র মানুষের মধ্যে খাস জমি বন্দোবস্ত প্রদানের বিষয়ে ভূমিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন।
এদিন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’-এর ওপর বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করবেন।
আইন প্রণয়ন কার্যক্রমে শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপনের অনুমতি চাইবেন। অনুমতি পেলে বিলটি উত্থাপনের পাশাপাশি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন।
এ ছাড়া কার্যসূচিতে রয়েছে Public Examinations (Offences) (Amendment) Bill, 2026। শিক্ষা মন্ত্রী বিলটি স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ এবং পরে তা পাসের প্রস্তাব উপস্থাপন করবেন।
