প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ২ প্রার্থীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০১:২৬ পিএম
ফাইল ছবি
দুর্নীতির মামলায় ৩৮তম বিসিএসে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত দুই প্রার্থী সঞ্জয় দাস ও আবু সালেহ মো. মুসার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে অসৎ উপায়ে আর্থিক সুবিধা অর্জনের লক্ষ্যে ক্ষমতার অপব্যবহার করেন সঞ্জয় দাস ও আবু সালেহ মো. মুসা। তারা প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জাল সনদ তৈরি করে সেগুলো প্রকৃত ও বৈধ দলিল হিসেবে ব্যবহার করেন। এর মাধ্যমে নিজেদের যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) বিভ্রান্ত করেন এবং ভুল সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: তাকাইচি
আবেদনে আরও বলা হয়, এ প্রক্রিয়ায় সঞ্জয় দাস ৩৮তম বিসিএসে প্রশাসন ক্যাডারে এবং আবু সালেহ মো. মুসা পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। পরে চাকরিতে যোগ দিয়ে বেতন-ভাতাসহ সরকারি অর্থ উত্তোলনের মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
দুদক জানায়, মামলাটির তদন্ত এখনো চলমান। এ অবস্থায় বিশ্বস্ত সূত্রে আসামিদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
