জুলাইয়ের মধ্যে স্থানীয় নির্বাচনের বিধিমালা চূড়ান্ত করবে ইসি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জুলাইয়ের মধ্যে নির্বাচনি আচরণ বিধিমালা ও নির্বাচন বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৭ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনি আচরণ বিধিমালার খসড়া আমরা ওয়েবসাইটে প্রকাশ করে মতামত চেয়েছি। এছাড়া দলগুলোকে মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছি। কয়েকটি দল মতামত জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে চূড়ান্ত করে ফেলবো। এছাড়া নির্বাচন বিধিমালা নিয়েও কাজ হচ্ছে। এটাও জুলাইয়ের মধ্যেই চূড়ান্ত করা হতে পারে।’
ইসির তথ্য অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৮৯টি ইউনিয়ন পরিষদের। ২০২১-২২ অর্থবছরে অনুষ্ঠিত হয়েছে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। মামলা, সীমানা জটিলতাসহ নানা কারণে দীর্ঘদিন নির্বাচন হয়নি ১০৮টি ইউনিয়ন পরিষদের। দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৯৮১টি। বাকিগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।
দেশের মোট ৩৩০টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী ৩২০টি। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভা নির্বাচন উপযোগী নয়। উপজেলা পরিষদের রোডম্যাপ থেকে জানা যায়, নতুন ৫টি উপজেলাসহ দেশে মোট উপজেলা ৫০০টি। কোনো উপজেলাতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলো নির্বাচন উপযোগী।
নতুন উপজেলাগুলো হলো- বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলা ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুর সদর উপজেলা ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।
নতুন সিটি করপোরেশন বগুড়াসহ ১৩টি সিটি করপোরেশনের কোনোটিতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবগুলো নির্বাচন উপযোগী।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ৬১টি জেলা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে বিএনপি সরকার গঠনের পর ধাপে ধাপে ৫৬টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে পৌরসভাগুলোও প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শুধু ইউনিয়ন পরিষদগুলোতেই নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।
