×

জাতীয়

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন করলেন শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৫ পিএম

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন করলেন শিক্ষামন্ত্রী

ছবি : সংগৃহীত

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। নতুন এই বিলের মাধ্যমে ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’, যা এতদিন কার্যকর হয়নি, তার পরিবর্তে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২০তম কার্যদিবসে শিক্ষামন্ত্রী সংসদে বিলটি উত্থাপন করেন। পরে অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ একই বছরের ১৫ জুলাই সরকারি গেজেটে প্রকাশিত হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রশাসনিক ও একাডেমিক প্রস্তুতি চলমান থাকায় সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ-সম্বলিত একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবিত আইনের আওতায় বিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি, চিকিৎসাবিজ্ঞানসহ জ্ঞানের বিভিন্ন উদীয়মান ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং উত্তরাঞ্চলে উচ্চশিক্ষা ও গবেষণার ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে খসড়া আইনটি প্রণয়ন করা হয়েছে।

সরকার জানায়, ২০০১ সালের বিদ্যমান আইনের প্রায় ৯৫ শতাংশ বিধান পরিবর্তনের প্রয়োজন হওয়ায় সেটি সংশোধনের পরিবর্তে নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত বগুড়া বিশ্ববিদ্যালয় বগুড়া ও বৃহত্তর উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং কারিগরি দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারের মতে, এ বিশ্ববিদ্যালয় দক্ষ মানবসম্পদ তৈরি, কৃষি উন্নয়নে সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ভূমিকা রাখবে।

বিলের বিবৃতিতে বলা হয়েছে, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তার জন্য বগুড়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়োপযোগী, প্রয়োজনীয় ও যৌক্তিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা

বিনা ছুটিতে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ

বিনা ছুটিতে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৯ পুলিশ নিহত

পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৯ পুলিশ নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App