তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী নির্বাচন: আইনমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে নির্বাচনকালীন সরকার কীভাবে এবং কারা নিয়ে গঠিত হবে, সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল থাকার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন আইনমন্ত্রী।
এ সময় সাংবাদিকরা জানতে চান, আপিল বিভাগের রায়ের পর আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না। জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার।’
মো. আসাদুজ্জামান বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিএনপির দীর্ঘ আন্দোলনের ফসল। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, তার ফলেই অন্তর্বর্তীকালীন সরকারের ধারণার সূচনা হয়। পরবর্তীতে সেই ধারণার ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তিত হয়।
মন্ত্রী বলেন, ১৯৯৬ সালে বিএনপিই সংসদে ত্রয়োদশ সংশোধনী বিল উত্থাপন করে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাংগঠনিক কাঠামো তৈরি করেছিল।
আরো পড়ুন : সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
আইনমন্ত্রী বলেন, গত ১৬ থেকে ১৭ বছর ধরে বিএনপি এই ব্যবস্থার পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে। খালেদা জিয়ার নেতৃত্বে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা।
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’—এই নীতিতে ফিরে যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। সে কারণেই এ বিষয়ে আমরা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ।
এর আগে বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল হয়েছে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।
