×

জাতীয়

মাহদী আমিন

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে হবে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৮:৪৯ পিএম

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে হবে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম

ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়, শিল্পপ্রতিষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলে একটি ত্রিপাক্ষিক ইকোসিস্টেম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, দেশে বিপুলসংখ্যক বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী থাকলেও সেগুলোর সঙ্গে আশপাশের শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ এখনও গড়ে ওঠেনি। এ ঘাটতি দূর করে শিক্ষার্থী, শিক্ষক ও প্রবাসী বাংলাদেশিদের মেধাকে একই প্ল্যাটফর্মে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‘বৈশ্বিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এ সামিটের আয়োজন করে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং সিলিকন রিভার বাংলাদেশ। এর আগে সকালে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাহদী আমিন বলেন, শুধু সেমিকন্ডাক্টর নয়, দেশের প্রতিটি শিল্প খাতের বিকাশের জন্য শক্তিশালী একটি ইকোসিস্টেম গড়ে তোলা প্রয়োজন। বাংলাদেশের জনমিতিক সুবিধাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং তরুণদের উদ্ভাবনী শক্তি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আকাঙ্ক্ষাকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে।

বর্তমান সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত সরকার হিসেবে তরুণদের মেধা বিকাশে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। এ লক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা, ক্লাব, সেমিনার, প্রশিক্ষণ এবং পাঠ্যক্রমভিত্তিক নানা কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

সেমিকন্ডাক্টর শিল্পকে উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লব, রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিকে কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব প্রয়োগে নিয়ে আসতে হবে। শিক্ষার্থী ও স্নাতকদের এসব প্রযুক্তিনির্ভর কাজে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য।

মাহদী আমিন ব্রেইন ড্রেনকে ‘ব্রেইন সার্কুলেশন’-এ রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রবাসীদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় ও কমিউনিটির সঙ্গে যুক্ত করার জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরির প্রতিশ্রুতি রয়েছে।

তিনি বলেন, দেশের উচ্চশিক্ষাকে আরও যুগোপযোগী করতে শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ উদ্যোগ বাড়ানো প্রয়োজন। ইন্টার্নশিপ, সামার স্কুল, যৌথ গবেষণা, শিল্পখাতের বিশেষজ্ঞদের ভিজিটিং লেকচার এবং অন্যান্য বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।

গবেষণা খাতের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে মানসম্মত গবেষণাগার নেই। বিশেষ করে জেলা ও তৃণমূল পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাব সুবিধা অত্যন্ত সীমিত। এমনকি শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতেও আন্তর্জাতিক মানের গবেষণা ও গবেষণা সাময়িকী ব্যবহারের সুযোগ পর্যাপ্ত নয়।

এই বাস্তবতায় আধুনিক গবেষণাগার স্থাপন, উন্নত সরঞ্জাম সরবরাহ এবং বই, জার্নাল ও গবেষণা অবকাঠামো উন্নয়নে বড় পরিসরে বিনিয়োগের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা ও শিল্প খাতের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানোর ওপর গুরুত্ব দেন।

তিনি জানান, চলতি বাজেটে শিক্ষা, বিশেষ করে উচ্চশিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এ অর্থের একটি বড় অংশ ব্যয় হবে মানসম্মত গবেষণাগার নির্মাণ, গবেষণাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে। পাশাপাশি গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উচ্চশিক্ষা ও গবেষণার মধ্যমেয়াদি পরিকল্পনার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, যুক্তরাজ্যসহ উন্নত দেশগুলোর আদলে ধীরে ধীরে বিশেষায়িত গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। বিজ্ঞান, কলা ও মানবিকসহ প্রতিটি বিষয়ে আলাদা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে মৌলিক গবেষণার পাশাপাশি দেশের বাস্তব সমস্যার প্রয়োগযোগ্য সমাধানভিত্তিক গবেষণাকে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু সেই অভিজ্ঞতা ও দক্ষতাকে দেশের উন্নয়নে কাঙ্ক্ষিতভাবে কাজে লাগানো যাচ্ছে না। একই সঙ্গে দেশের ভেতরেও মেধাবীদের যথাযথ মূল্যায়নের ঘাটতি রয়েছে।

দেশের তরুণদের উদ্যোক্তা মনোভাবের প্রশংসা করে তিনি বলেন, সরকারি বড় ধরনের সহায়তা ছাড়াই অনেক শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সফল কাজ করে যাচ্ছেন। আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি এবং নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মতো ক্ষেত্রে দেশের তরুণদের যথাযথ দিকনির্দেশনা ও সহায়তা প্রয়োজন।

তিনি আরো বলেন, প্রবাসীদের অভিজ্ঞতা, দেশের তরুণদের উদ্ভাবনী শক্তি এবং শিল্প খাতের সক্ষমতাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।

মাহদী আমিন বলেন, সরকারের সহযোগিতা বাড়লে ইন্টার্নশিপ, কর্মসংস্থান এবং ক্যারিয়ার সেবা আরো বিস্তৃত করা সম্ভব হবে। তবে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে এখনো একটি কার্যকর ক্যারিয়ার সেন্টারও নেই। তাই শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা আরো জোরদার করতে হবে।

তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা তত্ত্বভিত্তিক শিক্ষার ওপর বেশি নির্ভরশীল। সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জন করবে না, বরং বাস্তবক্ষেত্রে তার কার্যকর প্রয়োগও শিখবে।

সবশেষে তিনি বলেন, সবার জন্য মূলধারার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা প্রয়োজন নেই। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে দেশের শিক্ষাব্যবস্থার অন্যতম প্রধান ধারায় উন্নীত করতে হবে। এ লক্ষ্যে শিল্প খাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগ বাড়াতে এবং আন্তর্জাতিক মানের সেরা চর্চাগুলো দেশে বাস্তবায়নে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের

চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতি চুপ্পুর বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ আদালতের

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণ ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ

প্রশিক্ষণের মান নিশ্চিত ও পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার তাগিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App