×

জাতীয়

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

রোববার (২ আগস্ট) রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স (জেআরএ) আয়োজিত ‘জুলাই বিপ্লববিষয়ক প্রথম সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, “আমি আপনাদের আবেগ ও দাবির প্রতি শ্রদ্ধাশীল। আমি কথা দিচ্ছি, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করবে।”

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। একটি সত্যিকার অর্থে সার্বভৌম, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা, যেখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে- এটাই সরকারের অঙ্গীকার। এ লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আহতদের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন এবং অনেকে এখনও চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের পাশে সরকার সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও সহমর্মিতার সঙ্গে থাকবে এবং দীর্ঘমেয়াদে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ, আকাঙ্ক্ষা ও মূল্যবোধকে ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিচ্ছেন। তবে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রভাব অল্প সময়ে পুরোপুরি দূর করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তবুও শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং তাদের পরিবারের প্রত্যাশা পূরণে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।

তিনি আরও বলেন, সরকারের প্রতিনিধি হিসেবে তিনি আজ বিএনপির পক্ষ থেকেও উপস্থিত রয়েছেন। তার দাবি, জুলাই গণঅভ্যুত্থান ও এর আগের দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির চার শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। পাশাপাশি হাজারো মানুষ গুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়েই বর্তমান গণতান্ত্রিক সংগ্রামের ভিত্তি তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

মাহদী আমিন বলেন, তাদের মূল রাজনৈতিক পরিচয় বাংলাদেশপন্থি রাজনীতি এবং বাংলাদেশকেন্দ্রিক রাষ্ট্রনীতি প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এদিকে সম্মেলনে উপস্থিত জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের মুখোমুখি হন।

মাহদী আমিন বক্তব্য দিতে মঞ্চে উঠলে তারা একযোগে স্লোগান দিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড

আমবাগানে মিলল ককটেল ও বিপুল পরিমাণ বারুদ

আমবাগানে মিলল ককটেল ও বিপুল পরিমাণ বারুদ

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

ছুটি ছাড়াই কানাডা ভ্রমণ, কর্মস্থলে অনুপস্থিত সরকারি চিকিৎসক

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

তরুণদের ২০ লাখ টাকা অর্থায়ন, আবেদন করবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App