×

জাতীয়

আইনমন্ত্রী

১৬ বছরে ক্রসফায়ারে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:৪০ পিএম

১৬ বছরে ক্রসফায়ারে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ হত্যা করা হয়েছে

ছবি : সংগৃহীত

গত ১৬ বছরের শাসনামলে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০ জনের বেশি মানুষ গুমের শিকার হয়েছেন এবং বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখেরও বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব এবং জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। তার মতে, এটি দীর্ঘ ১৬ বছরের আন্দোলন, ত্যাগ, নির্যাতন ও সংগ্রামের যৌক্তিক এবং সফল পরিণতি।

তিনি বলেন, যারা জীবন উৎসর্গ করেছেন, গুমের শিকার হয়েছেন কিংবা মিথ্যা মামলার বোঝা বহন করেছেন, তাদের ধারাবাহিক আত্মত্যাগের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে।

স্বৈরাচারী শাসনামলের সমালোচনা করে মো. আসাদুজ্জামান বলেন, ওই সময়ে সাড়ে চার হাজারের বেশি মানুষকে ‘ক্রসফায়ারের’ নামে হত্যা করা হয়েছে। ৭০০ জনের বেশি মানুষ গুম হয়েছেন, যাদের স্বজনরা এখনো প্রিয়জনের ফিরে আসার আশায় অপেক্ষা করছেন। এছাড়া ৬০ লাখেরও বেশি মানুষ মিথ্যা ও গায়েবি মামলার আসামি হয়েছেন।

তিনি আরও বলেন, এমন ঘটনাও ঘটেছে যেখানে বহু আগে মারা যাওয়া ব্যক্তি, হজ পালনরত মানুষ কিংবা দুই হাত হারানো একজন প্রতিবন্ধী ব্যক্তির বিরুদ্ধেও বোমা হামলার অভিযোগ আনা হয়েছিল।

সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি জানতে পারেন যে দেশে আবৃত্তিকে শিল্পের স্বতন্ত্র শাখা হিসেবে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নৃত্য ও সংগীতের মতো বাংলাদেশের স্বীকৃত শিল্প-সংস্কৃতির একটি শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আবৃত্তি মানুষের মধ্যে গণতান্ত্রিক চেতনা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখে। বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং রক্তপাতমুক্ত সমাজ গঠনে আবৃত্তিশিল্পীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান আইনমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশে আবারও হিংস্র মৌলবাদের উত্থান লক্ষ্য করা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।

তিনি বলেন, সন্ত্রাসের মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো ধ্বংস করা হয়েছিল, যার অবসান ঘটে ৫ আগস্ট। ইতিহাস প্রমাণ করে, বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে কোনো শাসনব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন, দেশে এখনো প্রায় ১ হাজার ২০০ মানুষের খোঁজ পাওয়া যায়নি। তিনি অনাচার, অবিচার ও সহিংসতার বিরুদ্ধে গণতান্ত্রিক এবং সাংস্কৃতিক চর্চা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন জানায়, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত দিনব্যাপী উৎসবে শোভাযাত্রা, নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, ‘জুলাইয়ের পঙক্তিমালা’ শীর্ষক কবিতা পাঠ, স্মৃতিচারণ, শহীদদের স্মরণে দলীয় ও একক আবৃত্তি এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ প্রতিবাদ জামায়াতের

আখতারুজ্জামানের মামলা নিয়ে পিপির ‘আপত্তিকর শব্দে’ প্রতিবাদ জামায়াতের

একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

দ্য ডিসেন্ট এর প্রতিবেদন একাধিক দেশের নেতার সাথে ট্রাম্পের ছবি কেন একইরকম

তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App