×

জাতীয়

সাকিব প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী- এখন আর কোনো সুযোগ নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৭:১৭ পিএম

সাকিব প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী- এখন আর কোনো সুযোগ নেই

ছবি : সংগৃহীত

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে সম্প্রতি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। একই সঙ্গে দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছার কথাও তুলে ধরেন তিনি।

তবে সাকিবের এই বক্তব্যের পর তার দেশে ফেরা নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, সাকিবকে ঘিরে সরকারের নমনীয় অবস্থানের সুযোগ শেষ হয়ে গেছে।

বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “সরকার যদি আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, তাহলে আমি আনন্দের সঙ্গে দেশে ফিরব। আদালতের বিচারসহ যে প্রক্রিয়াই থাকুক, সবকিছুর মুখোমুখি হতে প্রস্তুত। কারণ আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।”

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশে ফেরেননি সাকিব। সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “এখন আর কোনো সুযোগ নেই। সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসেবে তার অবস্থান থেকে সরে গিয়ে পুরোপুরি রাজনৈতিক অবস্থান নিয়েছেন। আমার মনে হয়, তার আর দেশে ফেরার কোনো সুযোগ নেই। আর যদি ফেরেনও, তাহলে তা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে।”

তিনি আরও বলেন, সরকার এতদিন বিষয়টি সহনশীল ও নমনীয়ভাবে বিবেচনা করছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর পর সেই অবস্থান পরিবর্তন হয়েছে।

আমিনুল হকের ভাষায়, “আমরা এতদিন বিষয়টি অনেক নমনীয়তা ও সহনশীলতার সঙ্গে বিবেচনা করছিলাম। কিন্তু এরপর আর সেভাবে ভাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যে ব্যক্তি একজন স্বৈরশাসকের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়েছেন, আমার মতে তার আর ফেরার সুযোগ নেই। আমরা তাকে একজন ক্রিকেটার হিসেবেই দেখছিলাম, তাই কিছুটা নমনীয় ছিলাম। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।”

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় তার আইনজীবীর মাধ্যমে স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার ভাষায় ‘মিথ্যা’ মামলাগুলো প্রত্যাহারের আবেদন জানানো হয়েছিল। তবে সে বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

এ ছাড়া দেশে ফেরার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার আগ্রহও প্রকাশ করেন সাকিব।

তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, সাকিব আল হাসানের দেশে ফেরা এখন রাজনৈতিক ও আইনি- উভয় দিক থেকেই বড় চ্যালেঞ্জের মুখে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুর

এক দফার ঘোষণা কোনো একক ব্যক্তির নয়: নুর

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম

‘জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ’

‘জামায়াত-এনসিপির মব সৃষ্টির সুযোগ নিতে পারে আওয়ামী লীগ’

ক্রয় কমিটির বৈঠকে মিললো এলএনজি কেনার অনুমোদন

ক্রয় কমিটির বৈঠকে মিললো এলএনজি কেনার অনুমোদন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App