রাতে শপথ নেবেন যে চার মন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি : সংগৃহীত
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর নতুন তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রগুলো বলছে, শুক্রবার মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগাযোগ করা হয়েছে। তাদের শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
নতুন মন্ত্রী হিসেবে আলোচনায় থাকা ড. আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নরসিংদী-২ আসনের সংসদ সদস্য। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি এ আসন থেকে নির্বাচিত হন।
আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান। বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে তার দল নির্বাচনে অংশ নেয়। তিনি ভোলা-১ আসনের সংসদ সদস্য।
অন্যদিকে, সাচিং প্রু জেরী বান্দরবান আসনের সংসদ সদস্য এবং বিএনপির বান্দরবান জেলা শাখার আহ্বায়ক। তিনিও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন।
আরও পড়ুন: ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ
প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা মোহাম্মদ শামীম কায়সার লিংকন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য।
গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য ছিলেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মন্ত্রী এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। তবে তারা মন্ত্রিসভার সদস্য নন।
নতুন করে তিন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫৪ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রীর সংখ্যা হবে ২৮ এবং প্রতিমন্ত্রী ২৫ জন।
