×

জাতীয়

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা- কোনো মন্ত্রণালয়ে কে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:১৫ পিএম

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা- কোনো মন্ত্রণালয়ে কে

ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় সর্বশেষ রদবদলের পর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনে দেখা গেছে নানা ধরনের সমীকরণ। তুলনামূলক কম কাজের পরিধির কোনো কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা— তিন ধরনের পদই রয়েছে। আবার কোনো মন্ত্রীর হাতে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব। কেউ কেউ একাই তিনটি মন্ত্রণালয় সামলাচ্ছেন।

আবার কোনো কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকলেও উপদেষ্টা নেই। কোথাও আবার মন্ত্রী একাই পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এই দপ্তর বণ্টন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ভারসাম্য ও দায়িত্ব বণ্টনের ধরন নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই সঙ্গে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ায় বিষয়টি বেশি আলোচনায় এসেছে। সাধারণত একটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী থাকার নজির থাকলেও একই মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকার ঘটনা বিরল।

গত শুক্রবার মন্ত্রিসভায় নতুন করে পাঁচজন সদস্য যুক্ত হওয়া এবং একজন প্রতিমন্ত্রীকে পূর্ণমন্ত্রী করার পর মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। প্রধানমন্ত্রী ছাড়া এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন। এর আগে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ২৪ জন মন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী ছিলেন।

এর বাইরে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ জন উপদেষ্টা রয়েছেন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় রয়েছেন তিনজন বিশেষ সহকারী। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিও প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন।

আরও পড়ুন: মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শপথ নেয়। তখন প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছিলেন। পরে কয়েক দফায় মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। সর্বশেষ সম্প্রসারণে মন্ত্রিসভার আকার আরও বেড়েছে।

যেসব মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা

বর্তমানে পাঁচটি মন্ত্রণালয়ে একসঙ্গে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন। আরও দুটি মন্ত্রণালয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও বিশেষ সহকারী দায়িত্ব পালন করছেন।

অর্থ ও পরিকল্পনা: আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। অর্থ মন্ত্রণালয় তিনি একাই সামলাচ্ছেন। পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে আছেন মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। আর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সংস্কৃতি: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে আছেন জাহেদ উর রহমান। তিনি একই সঙ্গে তথ্য ও সম্প্রচার এবং পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন ইয়াসের খান চৌধুরী।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান: এ মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং উপদেষ্টা মাহদী আমিন। মাহদী আমিন একই সঙ্গে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। আরিফুল হক চৌধুরী প্রবাসীকল্যাণের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করছেন।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা: শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন ববি হাজ্জাজ। শুরুতে তিনি শিক্ষা মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। পরে তার দায়িত্ব কমানো হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন: মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ মন্ত্রণালয়ে কোনো উপদেষ্টা নেই। তবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সাইমুম পারভেজ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন এম এ মুহিত। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন এস এম জিয়াউদ্দিন হায়দার।

পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আলোচনা বেশি

সর্বশেষ রদবদলের পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। এ মন্ত্রণালয়ের মন্ত্রী খলিলুর রহমান। এত দিন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা হুমায়ুন কবিরকে এখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়েছে। অন্যদিকে শামা ওবায়েদ ইসলামও প্রতিমন্ত্রীর দায়িত্বে বহাল রয়েছেন।

আরও পড়ুন: ‘চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদের তালিকাও হচ্ছে’

ফলে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন। হুমায়ুন কবির মন্ত্রিসভায় যুক্ত হওয়ায় এ মন্ত্রণালয়ে এখন প্রধানমন্ত্রীর কোনো উপদেষ্টা নেই।

একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের হাতে

নতুন মন্ত্রীদের মধ্যে আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন মীর শাহে আলম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব একাই সামলাচ্ছেন সালাহউদ্দিন আহমদ। এ মন্ত্রণালয়ে বর্তমানে কোনো প্রতিমন্ত্রী বা উপদেষ্টা নেই।

খন্দকার আবদুল মুক্তাদির শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য—এই তিন মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ে কোনো প্রতিমন্ত্রী নেই। তবে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. রুহুল কবির রিজভী। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে আছেন মো. শরীফুল আলম।

শেখ রবিউল আলম একাই সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন—এই তিন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন হাবিবুর রশীদ। নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু। তাঁর সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত। এ মন্ত্রণালয়ে কোনো উপদেষ্টা নেই।

আবু জাফর মো. জাহিদ হোসেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। দুই মন্ত্রণালয়েই কোনো উপদেষ্টা নেই।

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ—দুই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি—এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ফকির মাহবুব আনাম। দুই মন্ত্রণালয়েই প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে রয়েছেন রেহান আসিফ আসাদ।

যেসব মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রী

ধর্ম মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সর্বশেষ রদবদলে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ মন্ত্রণালয়ে কোনো উপদেষ্টা নেই।

ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। মীর মোহাম্মদ হেলাল একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী হয়েছেন সাচিং প্রু জেরী।

পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এর আগে হুমায়ুন কবির এ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন আহম্মদ সোহেল মনজুর।

রদবদলে বদলেছে বিমান ও খাদ্যের দায়িত্ব

সর্বশেষ রদবদলের আগে আফরোজা খানম বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। প্রতিমন্ত্রী ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত এবং উপদেষ্টা ছিলেন হুমায়ুন কবির।

রদবদলে আফরোজা খানমকে বিমান মন্ত্রণালয় থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হুমায়ুন কবির হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আর রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। ফলে এ মন্ত্রণালয়ের দায়িত্ব এখন তিনি একাই পালন করবেন।

আইন মন্ত্রণালয়ের দায়িত্বও একাই সামলাচ্ছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

সব মিলিয়ে সর্বশেষ দপ্তর বণ্টনে কোথাও মন্ত্রী-প্রতিমন্ত্রীর পাশাপাশি উপদেষ্টা, কোথাও বিশেষ সহকারী, আবার কোথাও একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব এক ব্যক্তির হাতে দেওয়া হয়েছে। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীর দায়িত্ব এবং কয়েকজন মন্ত্রীর একাধিক মন্ত্রণালয় সামলানোর বিষয়টি নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

বাংলা স্যাটেলাইট সিটির যাত্রা শুরু

বর্ণাঢ্য আয়োজন বাংলা স্যাটেলাইট সিটির যাত্রা শুরু

মেয়েকে ট্যাটু দেখে শনাক্ত করেন মা-বাবা, রিমান্ডে ৫

খণ্ডিত মরদেহ উদ্ধার মেয়েকে ট্যাটু দেখে শনাক্ত করেন মা-বাবা, রিমান্ডে ৫

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা- কোনো মন্ত্রণালয়ে কে

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা- কোনো মন্ত্রণালয়ে কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App