হাম ও উপসর্গ: মৃত্যুর সংখ্যা ১০০০ ছুঁই ছুঁই
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
ফাইল ছবি
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এ সংক্রান্ত রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে, যা এক হাজারের দ্বারপ্রান্তে।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৯১৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে চারজনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯১ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: জরুরি রক্তদাতা খুঁজছেন? প্লে-স্টোরে এলো রক্তশেয়ার অ্যাপ
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮৪৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। ফলে চলতি বছরে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
