দুদকের তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির হননি সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত না হয়ে ৩০ দিনের সময় চেয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তার হাজির হওয়ার কথা ছিল। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শফিউদ্দিন আহমেদের হাজির হয়ে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি ৩০ দিনের সময় চেয়েছেন। এখন আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে দুদক।
এর আগে দুদকের পরিচালক মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে তাকে নির্ধারিত সময়ে কমিশনের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছিল।
নোটিশে বলা হয়, অভিযোগের বিষয়ে শফিউদ্দিন আহমেদের বক্তব্য শোনা ও তা রেকর্ড করা সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ‘অপরিহার্য’।
২০২৫ সালের ডিসেম্বরে অনুসন্ধান শুরু
দুদক সূত্র জানায়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের অনুসন্ধান শুরু হয় ২০২৫ সালের ১৪ ডিসেম্বর। দুদকের পরিচালক মো. আবুল হাসনাতের নেতৃত্বে একটি দল এসব অভিযোগের অনুসন্ধান করছে।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলো এখনো অনুসন্ধান পর্যায়ে রয়েছে। অনুসন্ধান শেষে সংশ্লিষ্ট দল কমিশনের কাছে প্রতিবেদন দেবে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া গেলে মামলা করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন। আর অভিযোগের সত্যতা পাওয়া না গেলে অনুসন্ধান বন্ধ করে দেওয়া হতে পারে।
তিন বছর ছিলেন সেনাপ্রধান
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। তিনি জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন।
আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২৩ জুন অবসরে যান তিনি।
