রাষ্ট্রপতি সিলেট যাবেন আগামীকাল, নিরাপত্তায় যা থাকছে
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
ফাইল ছবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। তাঁর মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) প্রায় এক হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্বে থাকবেন প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ সদস্য। র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
সফরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সোমবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপতির সফরের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসএসএফের সঙ্গে এসএমপি, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয় সভার নির্দেশনা অনুযায়ী নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি জানান, রাষ্ট্রপতির সফর ঘিরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজারসহ সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
এদিকে, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরের যান চলাচল স্বাভাবিক রাখতেও বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। সিলেট মহানগর পুলিশ কমিশনার বলেন, রাষ্ট্রপতির সফর নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
আগামীকাল মঙ্গলবার সকালে সিলেট সফরে আসবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে।
