মালয়েশিয়া প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক নির্দেশনায় এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করেছে হাইকমিশন।
হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া নির্দেশনায় বলা হয়, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার কুয়ালালামপুরের ই-এসকেএল (ESKL) ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় অবস্থানরত কয়েকজন বাংলাদেশি প্রবাসীকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা।
বিষয়টি জানতে পেরে বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। পরে ইমিগ্রেশন পুলিশ সেবা নিতে আসা প্রবাসীদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ যাচাই করে তাদের ছেড়ে দেয়।
নির্দেশনায় হাইকমিশন আরও জানায়, মালয়েশিয়ায় বসবাসরত সব বাংলাদেশি প্রবাসীকে যেকোনো দাপ্তরিক কাজে চলাচলের সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
এ বিষয়ে মালয়েশিয়া সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে হাইকমিশনের যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।
