এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী!
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি : সংগৃহীত
সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে পরিচিত ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। তবে ফারজানা আফরোজকে নিজের স্ত্রী বলে অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে ফারজানা আফরোজের এনসিপিতে যোগদান এবং দলটির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এনসিপির মিডিয়া উইং।
ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।
এদিকে, গোলাম মাওলা রনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারজানা আফরোজকে নিজের স্ত্রী হিসেবে অস্বীকার করেন। তিনি লেখেন, “এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকাপ্রবাসী ইলিয়াসের আপনজন।”
তবে এনসিপির এক নেতার দাবি, ফারজানা আফরোজ গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী। তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকলেও এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। ওই নেতার ভাষ্য, ফারজানা আফরোজও নিজেকে রনির স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে থাকেন।
