বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাব এবার বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদেও পড়েছে। কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মতি দিয়েছেন।
সম্প্রতি এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) চিঠি দিয়েছে বেক্সিমকো ফার্মা। চিঠিতে সালমান এফ রহমানকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের উদ্যোগের কথা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সালমান এফ রহমান পর্ষদ থেকে পদত্যাগে সম্মতি দেওয়ায় তাকে বাদ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রস্তাবিত নতুন পর্ষদে বেক্সিমকো ফার্মার উদ্যোক্তাদের মধ্য থেকে তিনজন, চারজন স্বতন্ত্র পরিচালক, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে একজন মনোনীত পরিচালক এবং পদাধিকারবলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে রাখার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকেও সম্মতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
বেক্সিমকোর চিঠিতে বলা হয়েছে, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে কোম্পানিটি যে প্রতিকূলতার মুখে পড়েছে, তা বিবেচনায় সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারধারীরা যাতে ক্ষতির মুখে না পড়েন, সেই বিবেচনায় তিনি পদত্যাগে সম্মতি দিয়েছেন।
২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন সালমান এফ রহমান। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বেক্সিমকো ফার্মা দেশের শেয়ারবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেট (এআইএম)-এও তালিকাভুক্ত। কোম্পানির বিদেশি বিনিয়োগকারীরাও সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার পরিকল্পনায় সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
পর্ষদ পুনর্গঠনের ক্ষেত্রে বিদেশি শেয়ারধারীদের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল বিএসইসি। তবে বিদেশি বিনিয়োগকারীরা এতে সম্মতি না দেওয়ায় স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়িয়ে নতুন পর্ষদ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
