শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত সরকারি সফরে সিলেটে এসে পৌঁছেছেন। মঙ্গলবার বেলা ১১টা ২৭ মিনিটে তাঁকে বহনকারী বিশেষ বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের স্থানীয় সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জেলা ও বিভাগীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

অবতরণ শেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাষ্ট্রপতির গাড়িবহর বিমানবন্দর থেকে সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সড়কের দুপাশে সমবেত বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সার্কিট হাউজে পৌঁছালে রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম ও 'গার্ড অব অনার' প্রদান করা হয়।
পরবর্তীতে তিনি ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে গমন করেন। সেখানে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত অবস্থান করে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন। শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতির গাড়িবহর হযরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশ্যে রওনা হয়।

সফরসূচি অনুযায়ী, বিকেল তিনটায় নগর ভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
