অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো: জাইকার অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর–কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান রুট (হেমায়েতপুর–ভাটারা) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট (গাবতলী–দাশেরকান্দি)।
বৈঠক সূত্র জানায়, তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি টাকা। এর মধ্যে দুটি প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাব এবং একটি নতুন প্রকল্প হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল সূত্র জানায়, শুরুতে একনেকের মূল এজেন্ডায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। পরে সমন্বিত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান রুট প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় উপস্থাপনের সিদ্ধান্ত হয়।
এমআরটি লাইন-১
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ প্রকল্পের দৈর্ঘ্য ৩১ দশমিক ২৪ কিলোমিটার। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা।
এমআরটি লাইন-৫ নর্দান রুট
হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দান রুট প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। প্রকল্পটি জাইকার অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।
এমআরটি লাইন-৫ সাউদার্ন রুট
গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটের দৈর্ঘ্য ১৭ দশমিক ২০ কিলোমিটার। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।
প্রকল্পটি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে বাস্তবায়নের কথা রয়েছে।
একনেকের বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদনের আগে দুটি প্রকল্পের ব্যয় বৃদ্ধির বিষয় এবং একটি প্রকল্পে পরামর্শক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। তবে আলোচনা শেষে তিনটি প্রকল্পই অনুমোদন দেওয়া হয়।
