×

জাতীয়

মাহদী আমিন

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

প্রতি বছর ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে

ছবি : সংগৃহীত

প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, তরুণ উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে প্রতি বছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়া হবে।

সাধারণ মানুষের কাছে স্মার্টফোন সহজলভ্য করতে এর দাম ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক স্থাপন এবং মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি চাকরিজীবীদের বিষয়ে তিনি বলেন, সব গ্রেডের জন্য অভিন্ন বয়সসীমা ও নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়েছে। এতে সর্বনিম্ন বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষাখাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মাহদী আমিন জানান, বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চশিক্ষায় শীর্ষ ৫ শতাংশ মেধাবী শিক্ষার্থীকে শতভাগ সরকারি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে বিনামূল্যে সুষম খাবার সরবরাহের একটি রূপরেখা তৈরি করা হয়েছে। শিক্ষক দিবস উপলক্ষে সেরা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কৃত করার উদ্যোগও নিয়েছে সরকার।

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের পরিবারের জন্য নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আন্দোলনে আত্মোৎসর্গকারী ৭৪ জন শহিদের পরিবারের সদস্যদের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রবাসী আয়ের প্রসঙ্গে মাহদী আমিন জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও গত ছয় মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ সময়ে রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১ হাজার ৮৯৪ কোটি ডলার।

এ ছাড়া সম্পূর্ণ বিনামূল্যে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালে ১০ লাখ ডলারের মানবিক সহায়তা পাঠানোর কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

ঝোপে মিলল বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ

ঝোপে মিলল বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই সংসদ সদস্য?

এমপির সঙ্গে ক্রিকেটারের বিয়ে, কে এই সংসদ সদস্য?

মারিয়া মাহির মৃত্যুর রহস্য উন্মোচন, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তথ্য

মারিয়া মাহির মৃত্যুর রহস্য উন্মোচন, ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার তথ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App