সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি : সংগৃহীত
সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, সাংবাদিকরা কাজ করছেন বলেই গণতন্ত্র টিকে আছে। বিশেষ করে ক্রাইম বিটের সাংবাদিকদের নানা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয় এবং অনেক সময় এর জন্য তাদের চড়া মূল্যও দিতে হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার মতো পর্যাপ্ত কার্যকর ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর তার মাত্র ২০ দিন হয়েছে। একটি ব্যবস্থার ভেতরে থেকেই কতটা কাজ করা সম্ভব হবে, সেটি সময়ের সঙ্গে স্পষ্ট হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আই অ্যাম ভেরি ইজিলি অ্যাক্সেসেবল।’ অর্থাৎ প্রয়োজন হলে সাংবাদিকরা সহজেই তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে পার্থ বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তিনি উপলব্ধি করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি বিভাগকে নিজের পরিবারের মতো উল্লেখ করে তিনি বলেন, এসব বিভাগের প্রতিটির প্রতিই তার দায়িত্ব রয়েছে।
গত ১৭ বছরে একটি ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর সেই ব্যবস্থাকে সংস্কার করা বড় চ্যালেঞ্জ। তার ভাষায়, খালি জায়গায় নতুন একটি ভবন নির্মাণ করা তুলনামূলক সহজ; কিন্তু পুরোনো ও ভেঙে পড়া একটি ভবনকে নতুন করে গড়ে তোলা অনেক বেশি কঠিন।
সাংবাদিকদের প্রয়োজনে যেকোনো সময় তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যখন যে ধরনের সহযোগিতা প্রয়োজন হবে, তখনই তাকে জানাতে হবে। সবাই মিলে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করা হবে এবং তিনি সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন।
