রিজভী
‘অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, "মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। এর মধ্যেও সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে। তেলের দাম কিছুটা সমন্বয় করার পরও সরকারকে বিপুল পরিমাণ লোকসান গুনতে হচ্ছে।"
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারের হিসাব তুলে ধরে তিনি জানান, বর্তমানে প্রতি লিটার ডিজেল ক্রয়ে খরচ হচ্ছে ২৫০ টাকা। দাম সমন্বয়ের পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা করে লোকসান থাকবে। তবে এ সংকট নিরসনে সরকার আন্তরিকতার সঙ্গেই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটকে কেন্দ্র করে দেশে কৃত্রিম অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেন, "দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা দেখা যাচ্ছে। এর পেছনে পতিত স্বৈরাচারের যোগসাজশ থাকতে পারে, যা নিয়ে দেশবাসী ও দলের নেতা-কর্মীরা সতর্ক রয়েছেন।"
সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে দাবি করে রিজভী বলেন, বিরোধীদের কাছ থেকে গঠনমূলক ও বাস্তবসম্মত সমাধান প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু লংমার্চের নামে সরকার ও বিএনপির বিরুদ্ধে যে ধরনের কটূ ভাষা ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়।
প্রশাসনের ভেতরের একটি অংশের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে রিজভী আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের অভ্যন্তরে বসে নাশকতার চক্রান্ত চালাচ্ছে। গোপন কক্ষে বসে কেউ পরাজিত শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কি না, সে বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।
