গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে: প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি : সংগৃহীত
‘গুপ্ত দলটি সবসময় জনগণের স্বার্থবিরোধী কাজ করছে’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্বাধীনতার সময় থেকে বিভিন্ন পর্যায়ে ওই দলটি দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন প্রধানমন্ত্রী প্রকল্পটির ফলক উন্মোচন ও নদী খনন কার্যক্রমের উদ্বোধন করেন।
তারেক রহমান বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর থেকে, এমনকি স্বাধীনতার সময়ও কীভাবে তারা দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ’৮৬ সালে আমরা দেখেছি, কীভাবে তারা গণতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছিল। প্রত্যেকটি সময় আমরা দেখেছি, প্রতিবারই এই গুপ্ত বাহিনীর লোকজন, এই গুপ্ত দলটি সবসময় দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
তিনি বলেন, কিছু রাজনৈতিক দল অনাকাঙ্ক্ষিত ঘটনাকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আইন সবার জন্য সমান এটি নিশ্চিত করতে বিএনপি সর্বশক্তি দিয়ে কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি রাজনীতি করে মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য।’ খাল খনন, নদী ড্রেজিং, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডসহ দলের বিভিন্ন কর্মসূচি মানুষের কল্যাণে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মুহুরী-কহুয়া প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের প্রায় সাড়ে ৪ লাখ মানুষ উপকৃত হবেন বলে জানান প্রধানমন্ত্রী। এর ফলে প্রায় ৩৪ হাজার হেক্টর জমিতে আবাদ সম্ভব হবে এবং ফসল উৎপাদনও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের প্রথম পর্যায়ে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাঁধ পুনর্বাসন, নদী ও জলাধার পুনঃখনন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো পুনর্বাসনের কাজ করা হবে।
