আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১১:২৪ এএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। জ্বালানি পরিবহনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে করে জ্বালানি শুক্রবার দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
পরে শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে বিশেষ ব্যবস্থায় জ্বালানিগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবারই জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল হওয়ায় পরিবহন এক দিন পিছিয়ে শুক্রবার নতুন করে সূচি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশে আনা হচ্ছে। বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতিও নিতে হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়।
রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গো—মোট নয়টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনার পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)।
