তারেক রহমানের ভারত সফরে প্রধান বাধা কোথায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ হিসেবে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর দলের নেতাদের কর্মকাণ্ডকে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৫ অক্টোবর) ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। একই দিনে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে এবং সময় চূড়ান্ত হলে তা জানানো হবে।
হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে নবনির্বাচিত সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো ভারতকে উপলব্ধি করতে হবে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হবে না বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা ও তাঁর অনুসারীদের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে ভারতের প্রতি সংযত থাকার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সফরটি দ্বিপক্ষীয় হবে। কিছু চ্যালেঞ্জ থাকলেও আলোচনার মাধ্যমে সেগুলো কাটিয়ে ওঠা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
হুমায়ুন কবিরের ভাষ্য, শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা দিল্লিতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এতে ভারতেরও কোনো লাভ হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন দমনের সময় বাংলাদেশে প্রাণহানির জন্য শেখ হাসিনাকে দায়ী করে তাঁর বিরুদ্ধে অভিযোগও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জনগণের অতীতের সঙ্গে একটি পরিষ্কার বিচ্ছেদ প্রয়োজন। তাঁর দাবি, শেখ হাসিনার ১৫ বছরের বেশি সময়ের শাসনের অবসান ঘটানোর প্রক্রিয়ায় অনেক মানুষ জীবন দিয়েছেন।
তবে ভারতের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, দুই দেশের সম্পর্ক বাংলাদেশের কাছে অগ্রাধিকার। তিনি জানান, ইতিবাচক কিছু লক্ষণও দেখা যাচ্ছে এবং ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সম্পর্ক স্বাভাবিক করতে ভূমিকা রাখছেন।
ভারত সফরের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, উপযুক্ত সময়ে প্রধানমন্ত্রীর সফর হবে বলে তিনি আশাবাদী। তারেক রহমান কখনোই ভারত সফর করবেন না—এমন কথা বলেননি বলেও উল্লেখ করেন তিনি।
