চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম
ছবি : সংগৃহীত
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।
তিনি বলেন, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে প্রধানমন্ত্রী ঠিক কবে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন, তা নিশ্চিত করেননি তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় (এফওসি) এ আমন্ত্রণ জানানো হয়।
সফরটি হলে এটি হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপানে প্রথম সরকারি সফর। সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
