নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে আইনগত ব্যবস্থা, ডিসিদের নির্দেশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানো এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, এলপিজির দাম সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি পাওয়া যাচ্ছে না—এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। এ কারণে খুচরা বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
তিনি বলেন, সেপ্টেম্বর মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৯৮৪টি অভিযান পরিচালনা করেছে। আশা করা হচ্ছে, এলপিজি নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা ধীরে ধীরে কমে আসবে।
রেল যোগাযোগকে সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ৩০টি লোকোমোটিভ কেনার জন্য ইতোমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
ভিজিএফ কার্ডের আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, দরিদ্র ও ঝুঁকিপূর্ণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে। তাদের কিছুটা স্বস্তি দিতে কার্ডের আওতা সম্প্রসারণের পাশাপাশি সহায়তার পরিমাণও বাড়ানো হচ্ছে। এর আওতায় ২০ কেজি করে চাল দেওয়া হবে।
চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কোনো সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠন বা গোষ্ঠীর স্বার্থের বিপরীতে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে তাদের আশ্বস্ত করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, প্রাথমিকভাবে ছাত্রদল থেকে জড়িতদের বহিষ্কার করা হয়েছে। এর বাইরে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার আগ্রহী জানিয়ে তিনি বলেন, এ প্রকল্পে অর্থায়ন বাংলাদেশ, চীন নাকি অন্য কোনো দেশ করবে—সেটি আলাদা বিষয়।
ব্যাটারিচালিত অটোরিকশার কিছু সুবিধা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, তবে এগুলোকে কোনোভাবেই নিয়ন্ত্রণহীনভাবে চলতে দেওয়া যায় না। এ বিষয়ে সরকার একটি নীতিমালা প্রণয়ন করছে।
