পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
ফাইল ছবি
বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ (এসপি) বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার। এর মধ্যে ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদেরও নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে এপিবিএনের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
অন্যদিকে, এসবিতে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর প্রজ্ঞাপনে আরও আট কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।
এতে অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ অধিদপ্তর থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরে টিআর পদে কর্মরত পুলিশ সুপার এ.এইচ.এম. শাহাদাত হোসাইন, পিপিএম (বার)-কে পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ অধিদপ্তরে টিআর পদে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এসবির বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার এবং একই ইউনিটের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পিপিএম-সেবাকে নৌপুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, পিএসসিকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
