×

আন্তর্জাতিক

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পিএম

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

ফাইল ছবি

রোহিঙ্গাদের গণহত্যা প্রতিরোধ ও দমন সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য, কানাডাসহ বিশ্বের ১৪টি দেশ। একই সঙ্গে আদালতের সিদ্ধান্ত পুরোপুরি মেনে চলতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। তাদের মতে, এ রায় রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে ১৪ দেশের পক্ষ থেকে দেওয়া যৌথ বিবৃতিটি প্রকাশ করা হয়।

বিবৃতি দেওয়া দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য।

যৌথ বিবৃতিতে বলা হয়, গণহত্যা প্রতিরোধ ও দমন সনদের (জেনোসাইড কনভেনশন) অধীনে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বীকৃতি দিচ্ছে দেশগুলো। আদালত তাঁর রায়ে বলেছেন, মিয়ানমার জেনোসাইড কনভেনশনের অধীনে থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইসিজের এ রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। তাই আন্তর্জাতিক আইনের অধীনে থাকা সব বাধ্যবাধকতা এবং আদালতের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে মেনে চলতে দেশটির প্রতি আহ্বান জানানো হচ্ছে।

১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মনে করেন, এ রায় রোহিঙ্গা ভুক্তভোগী, নির্যাতন থেকে বেঁচে যাওয়া মানুষ এবং মিয়ানমারে চলমান নৃশংসতায় ক্ষতিগ্রস্ত সবার জন্য জবাবদিহি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গারা বছরের পর বছর ধরে ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছে। আইসিজের এ রায় স্পষ্ট বার্তা দিচ্ছে যে, এ ধরনের অপরাধ করে দায় এড়ানোর সুযোগ নেই।

রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে অনুকূল পরিবেশ তৈরির ওপরও গুরুত্বারোপ করেছে দেশগুলো।

বিবৃতির শেষাংশে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার শিকার ব্যক্তিদের প্রতি সংহতি জানানো হয়। একই সঙ্গে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের প্রত্যাশায় থাকা মিয়ানমারের সব জনগণের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে ১৪ দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

প্রধানমন্ত্রী ‘বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App