×

ক্রিকেট

৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম

৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ছবি: সংগৃহীত

মাত্র ১৫ বছর বয়সেই ক্রিকেটের রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি, দেড়শ ও ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ার পাশাপাশি এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার কীর্তিও গড়েছেন ভারতের এই বিস্ময়বালক। তাঁর অবিশ্বাস্য ব্যাটিংয়ে এক ম্যাচেই ভেঙেছে একাধিক বিশ্বরেকর্ড। ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শ এবং ৫২ বলে ডাবল সেঞ্চুরি—এ যেন রেকর্ড ভাঙার এক অবিশ্বাস্য উৎসব!

আজ কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এমন বিধ্বংসী ইনিংস খেলেছেন সূর্যবংশী। ২০৪ রানের ইনিংসটি সাজাতে তিনি মেরেছেন ২৮টি ছক্কা। স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আগে কেউ মারতে পারেননি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের দখলে। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। সূর্যবংশী এক বল কম খেলে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন।

দ্রুততম দেড়শ রানের রেকর্ডটিও আগে ছিল সূর্যবংশীর। গত বছর বিজয় হাজারে ট্রফিতে ৫৯ বলে দেড়শ রান পূর্ণ করেছিলেন তিনি। এবার নিজের সেই রেকর্ড নিজেই ভেঙেছেন মাত্র ৪০ বলে।

এরপর আসে ডাবল সেঞ্চুরির পালা। নিউজিল্যান্ডের চ্যাড বোয়েস ১০৩ বলে ডাবল সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে রেকর্ড গড়েছিলেন। সেই রেকর্ড ভাঙতে সূর্যবংশীর লেগেছে মাত্র ৫২ বল। যে সময়ে একজন ব্যাটসম্যান সাধারণত ইনিংসের ভিত গড়েন, সেই সময়েই ২০০ রানের মাইলফলকে পৌঁছে গেছেন তিনি।

আজকের ইনিংসে প্রথম ফিফটি করতেও সূর্যবংশীর লেগেছে মাত্র ১৬ বল। লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডও তাঁর দখলে। চলতি বছরই মাত্র ১১ বলে অর্ধশতক করেছিলেন এই তরুণ ব্যাটসম্যান।

ছক্কার হিসাবেও নতুন ইতিহাস গড়েছেন সূর্যবংশী। ২০৪ রানের ইনিংসে মেরেছেন ২৮টি ছক্কা। এর আগে স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৬ ছক্কার রেকর্ড ছিল তন্ময় আগারওয়ালের। রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচে সেই ইনিংসে ৩৬৬ রান করেছিলেন তিনি। অন্যদিকে, লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ২৩ ছক্কার রেকর্ড ছিল ডার্সি শর্ট ও কলিন মানরোর।

শুধু রেকর্ডের সংখ্যাতেই নয়, স্ট্রাইক রেটেও সবাইকে ছাড়িয়ে গেছেন সূর্যবংশী। তাঁর স্ট্রাইক রেট ৩৮৪.৯০, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ।

এত সব রেকর্ডের পরও যেন বাকি ছিল আরও একটি কীর্তি। সূর্যবংশীর বিধ্বংসী ইনিংসে ভর করে ভারত ২৫০ রানের লক্ষ্য তাড়া করেছে মাত্র ১৪.২ ওভারে। ২০০ রানের বেশি রান তাড়ায় এটিও বিশ্বরেকর্ড।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর

৫৩ বলে ২৮ ছক্কায় ২০৪ রান, বিশ্বরেকর্ড সূর্যবংশীর

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে স্বাগত জানিয়ে ১৪ দেশের বিবৃতি

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

দিনভর স্বর্ণদ্বীপে ব্যস্ততার পর সন্ধ্যায় ফের সচিবালয়ে প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App