নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম
ছবি : সংগৃহীত
দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সংকট এখনো অব্যাহত রয়েছে। তবে অতীতের ব্যর্থতা নিয়ে সমালোচনা না করে ভবিষ্যতে কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়, সরকার সে বিষয়েই গুরুত্ব দিচ্ছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান জানান, সৌরবিদ্যুতের ব্যবহার ও সম্প্রসারণে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সৌরবিদ্যুৎ থেকে বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে।
বিগত সময়ে দেশকে সম্পূর্ণ আমদানিনির্ভর রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, অর্থের অভাবে যাতে উদ্যোক্তারা পিছিয়ে না পড়েন, সে জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
