বিএনপিতে ফিরছেন বহিষ্কৃত ৮০-৮৫ নেতা, তালিকায় যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ৯১ জন, যাঁরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দেওয়ায় বহিষ্কারের শাস্তি পান আরও অনেক নেতাকর্মী।
তবে এবার বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় সূত্রের দাবি, অভ্যন্তরীণ বিরোধ নিরসন, তৃণমূলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্য মোকাবিলা এবং দলের অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেও বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতাকর্মী দলে ফেরার আবেদন করে কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি জমা দিয়েছেন। এসব আবেদন যাচাই-বাছাই করে অন্তত ৫০০ নেতাকর্মীকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে ৮০ থেকে ৮৫ জন বিদ্রোহী সংসদ সদস্য প্রার্থী রয়েছেন।
ইতোমধ্যে গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। একই প্রক্রিয়ায় অন্য নেতাদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় যাঁরা বহিষ্কৃত হয়েছিলেন, তাঁদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এভাবেই বিষয়গুলো বিবেচনা করছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে ৪৫টি আসনে কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের ৯১ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের বিদ্রোহী প্রার্থী হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করে দলটি। তাঁদের মধ্যে সাতজন নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং গণমাধ্যমকে বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে নেওয়ার অংশ হিসেবে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার আলোচনা চলছে। কয়েকটি ধাপে পর্যায়ক্রমে তাঁদের দলে ফেরানো হবে।
যাঁদের নাম আলোচনায়
বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিএনপিতে ফিরিয়ে নেওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন নির্বাচনে বিজয়ী সাত বিদ্রোহী প্রার্থী। তাঁরা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।
এ ছাড়া সম্ভাব্য তালিকায় রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সাবেক সদস্য ও পটুয়াখালী-৩ আসনের হাসান মামুন, মোহাম্মদ শাহ আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, জাকারিয়া পিন্টু, ডা. শহীদুল আলম, আব্দুস সোবহান, অধ্যাপক মো. রেজাউল করিম, নাসিরুল হক সাবু, শেখ সুজাত মিয়া, এম এ হান্নান, কাজী মফিজুর রহমান ও মোহাম্মদ আলী।
তালিকায় আরও রয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন), দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ, সৈয়দপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ আরাফান সরকার রানা, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, নাটোর জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য ইসফা খাইরুল হক শিমুল এবং লন্ডন জিয়া পরিষদের সহসভাপতি ব্যারিস্টার রেজাউল করিম।
সম্ভাব্য তালিকায় আরও যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, বাগেরহাট জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ দুলাল হোসেন, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি মো. জামাল আহমেদ চৌধুরী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, সদস্য মো. মুমিন আলী, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য রেজাউল করিম চুন্নু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমান, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, নেত্রকোনার কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লাভলু সিদ্দিকী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামাল নুরউদ্দিন মোল্লা, মাদারীপুর জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এস খান মঞ্জু ও সিরাজুল ইসলাম সিরাজ, অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন ও দেওয়ান জয়নুল জাকেরীন, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন ও সদস্য কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক সদস্য অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী।
দলে ফেরার বিষয়ে যা বলছেন বহিষ্কৃত নেতারা
বহিষ্কৃত একাধিক নেতা জানিয়েছেন, তাঁদের কেউ কেউ ইতোমধ্যে দলে ফেরার আবেদন করেছেন। আবার অনেকে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। দলীয় হাইকমান্ডের ইতিবাচক ইঙ্গিত পেলে তাঁরাও আবেদন করবেন।
তাঁদের ভাষ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত তাঁরা বুঝেশুনেই নিয়েছিলেন। এখন দলে ফেরার আবেদন করলে তা নিয়ে অনেকে কটূক্তি করতে পারেন। তাঁদের মতে, আবেদন করা অনেকটা আনুষ্ঠানিকতা মাত্র। হাইকমান্ড চাইলে যেকোনো নেতাকে দলে ফিরিয়ে নিতে পারে।
এদিকে, কেউ কেউ অভিযোগ করেছেন, দলের ভেতরে ও বাইরে সাংগঠনিক নেতাকর্মীদের কোণঠাসা করে রাখা হচ্ছে। তাঁদের মতে, সাংগঠনিকভাবে সক্রিয় নেতাদের যথাযথ দায়িত্ব দেওয়া হলে আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলা আরও সহজ হবে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার উদ্যোগ সফল হলে তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের বিরোধ অনেকটাই কমে আসবে। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা মোকাবিলায় দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হওয়ার সুযোগ পাবে। তৃণমূলের বিভেদ দূর করে সংগঠনকে শক্তিশালী করা গেলে রাজনৈতিক ও সাংগঠনিক—উভয় ক্ষেত্রেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব।
